জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছনার প্রতিবাদ এবং দায়ী সার্জেন্টের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও সংহতি সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নতুন কলাভবনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সংহতি সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় দায়ী সার্জেন্ট শেখ ইমরান হোসেনকে স্থায়ী বরখাস্তসহ দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক শামছুল আলম বলেন, একটি বিশেষ জেলার সার্জেন্ট এ ঘটনা ঘটিয়েছেন। বিচার না হলে এর পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ ঘটনার বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক অনিরুদ্ধ কাহালি, এ এস এম আবু দায়েন, হিমেল বরকত, আহসাম ইমাম, দর্শন বিভাগের রায়হান রাইন ও প্রাণিবিদ্যা বিভাগের মনোয়ার হোসেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাব, শিশু শিক্ষা সংগঠন দীক্ষাসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গত শনিবার রাতে মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) সার্জেন্ট ইমরানের হাতে লাঞ্ছিত হন শিক্ষক রাকিব আহমেদ। এ ঘটনায় ওই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।