শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি জাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল সোমবার এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এই আহ্বান জানান।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে জাপার এই দুই নেতা বলেন, শিক্ষকদের ওপর জঘন্য হামলা চালিয়ে শিক্ষাঙ্গনকেই কলঙ্কিত করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত বিচার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিচার বিভাগীয় তদন্ত চান বি চৌধুরী
শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্ররা শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করেছেন। এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। তিনি বলেন, জাফর ইকবাল নন, গলায় দড়ি দেবেন সেই সব রাজনৈতিক নেতারা, যাঁরা নিজের শিক্ষক ও মাতৃসম নারী শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করার জন্য নিজ দলের ছাত্রদের লেলিয়ে দিয়েছেন।