শিক্ষক লাঞ্ছনায় ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারায়ণগঞ্জে শিক্ষকের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা বরদাশত করা হবে না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছেন তিনি। আজ দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ব্যবস্থার কথা জানাবেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের মর্যাদা ও সম্মান—শুধু শিক্ষকদের নয়, এটা জাতির বিষয়।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। বক্তব্য রাখেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কানে ধরে ওঠবস করানো হয়। এ নিয়ে কয়েক দিন ধরেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।
শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জাতীয় পার্টির স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেন।