কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ গোলাম মাওলাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক। একই সঙ্গে তাঁরা অভিযোগ ওঠা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জি এম মনিরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ক্ষুব্ধ ওই শিক্ষকেরা ওই ঘটনার বিচারের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপিও দেন।
রসায়ন বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সৈয়দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার ওই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষক সমাজের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার প্রয়োজনে সাধারণ শিক্ষকেরা ঐক্যবদ্ধভাবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে অবিলম্বে সংশ্লিষ্ট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। ভবিষ্যতে যেন কেউ এমন ন্যক্কারজনক ঘটনা না ঘটাতে পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও গতকাল মঙ্গলবার ওই ঘটনায় এক বিবৃতি দিয়েছে। সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘১৬ মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা গভীরভাবে এ ঘটনার উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।’ ১৬ মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলাকে একই বিভাগের সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামান লাঞ্ছিত করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।