শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এস আই উচ্চবিদ্যালয়ে এক শিক্ষককে ব্যবস্থাপনা কমিটির এক সদস্য লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদে গতকাল সোমবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, পরিচালনা কমিটির সভাপতি আবু জাইদ মৃধা, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, মোশারফ হোসেন, উত্তম কুমার, আবদুল ওয়াদুদ, আবুল হোসেন, মাছুমা পারভিন ও নাছিমা পারভিন এবং শিক্ষার্থী রাব্বী সরদার, রাগীব ইসলাম ও আশিক হোসেন।
প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, গত রোববার বিদ্যালয়ে ছুটি ছিল। তাঁর অনুমতি নিয়ে বিজ্ঞান শিক্ষক আক্কাছ আলী অফিসকক্ষে বসে কাজ করছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন মদ্যপানরত অবস্থায় বিদ্যালয়ে গিয়ে প্রধান ফটক খোলা কেন বলে ওই শিক্ষককে গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে স্মারকলিপি দেওয়া হয়।
এসব অভিযোগ অস্বীকার করে গিয়াস উদ্দিন বলেন, তিনি শুধু ছুটির দিনে ফটক বন্ধ থাকার বিষয়ে জানতে চেয়েছেন। শিক্ষককে লাঞ্ছিত করেননি। তিনি মদ্যপানও করেননি।