শিক্ষক লাঞ্ছিত, ছাত্রলীগের তিন কর্মীকে নোটিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসা এক যুবক ও তরুণীকে ছাত্রলীগের কর্মীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এক শিক্ষক। ওই ঘটনায় গতকাল শনিবার ইতিহাস বিভাগের শিক্ষক মোজাহিদুল ইসলাম ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাসের চৌরঙ্গি মোড়ে ছাত্রলীগের কর্মী সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মো. আবু সায়েম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৩তম ব্যাচের জামশেদ আলম ও বাংলা বিভাগের একই ব্যাচের জাহিদ হাসান ক্যাম্পাসে বেড়াতে আসা এক যুবককে মারধর করছিল। এ সময় তারা ওই যুবকের সঙ্গে থাকা এক তরুণীর ওপর হামলা চালালে সে চিৎকার করছিল। বাসায় ফেরার সময় এই দৃশ্য দেখে তাদের থামাতে গেলে ছাত্রলীগের কর্মীদের হাতে তিনি নিজেও লাঞ্ছিত হন।
এ বিষয়ে প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘এ নিয়ে আমরা কাজ করছি। শিক্ষকের অভিযোগ পাওয়ার পরই বিকেলে (গতকাল) আমরা প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে সভা করেছি। তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ছাত্রলীগের কর্মী আবু সায়েম বলেন, ওই ছেলেকে জুনিয়ররা চড়-থাপড় দিয়েছে। তবে শিক্ষক লাঞ্ছনার কোনো ঘটনা সেদিন ঘটেনি।