শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। গত শনিবার সকাল নয়টায় ওই বিদ্যালয়ে এক অটোরিকশাচালক তাঁকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
ওই শিক্ষকের নাম মো. হাসানুজ্জামান। তিনি গণিত বিষয়ের সহকারী শিক্ষক। বাড়ি উপজেলার উপাদী গ্রামে। অটোরিকশাচালক নুরুজ্জামানের বাড়ি উপজেলার রূপসী পল্লি এলাকায়। কয়েক দিন আগে তাঁদের দুজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এতে শিক্ষকের ওপর ক্ষিপ্ত ছিলেন নুরুজ্জামান।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টায় বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে খোঁজ করেন নুরুজ্জামান। তাঁকে পেয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যান। সেখানে দুজন শিক্ষার্থীর সামনে তাঁকে গালাগাল করেন। একপর্যায়ে ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে চলে যান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা এর প্রতিবাদে বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে এবং বোয়ালিয়া-মতলব সড়ক সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বেলা একটায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে সালিসে বসেন। সেখানে দোষ স্বীকার করে ওই শিক্ষকের কাছে নুরুজ্জামান ক্ষমা চান। অটোরিকশাচালক নুরুজ্জামান বলেন, ঘটনার জন্য তিনি দুঃখিত ও লজ্জিত। ভবিষ্যতে আর এমন করবেন না।