কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের হাতে একজন জ্যেষ্ঠ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় এক বিশেষ সিন্ডিকেট সভায় চার সদস্যের এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাইদুল হক চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুন্ডু গোপীদাস ও গণিত বিভাগের অধ্যাপক এম জুলফিকার আলী এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা এলাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ দপ্তরে সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান।
১৬ মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামান একই বিভাগের প্রধান মোহাম্মদ গোলাম মাওলাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।