শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রান্তিক ফটকে হেফাজতে ইসলামের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় গত বুধবার তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিশ্ববিদ্যায়ের প্রান্তিক ফটকে হেফাজতে ইসলামের কর্মী সন্দেহে বাস থেকে নামিয়ে তিন-চারজনকে মারধর করেন ১০-১২ জন শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। ঘটনা দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. নূরুল হক ও চার-পাঁচজন সাবেক শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব আহমেদ শিক্ষক নূরুল হককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ওই ঘটনা তদন্তে কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।মানববন্ধন: ছাত্রলীগের নেতা রাজীবকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, দর্শন বিভাগের ছাত্র সংসদ, গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতা-কর্মীরাও অংশ নেন। হত্যার হুমকিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। পরে একই স্থান থেকে ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।