জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপককে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস বর্জন করেছে বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বুধবার শিক্ষার্থীদের এ কর্মসূচির পর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। গতকাল দুপুরে সহযোগী অধ্যাপক বখতিয়ার রানা বিভাগের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে উপাচার্য বরাবর পদত্যাগপত্র দেন। উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। দর্শন বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রধান করে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, শিক্ষকেরা ক্লাস করতে প্রস্তুত থাকলেও শিক্ষার্থীরা আসেননি। অচলাবস্থা নিরসনে বেলা তিনটায় বিভাগের সব শিক্ষক উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।