শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সরকারি কলেজের শিক্ষকদের লাঞ্ছিত ও হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বুধবার থেকে শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। গত মঙ্গলবার রাতে একদল সন্ত্রাসী কলেজের উপাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাঁদের প্রাণনাশের হুমকি দেয়। অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য জানান, মঙ্গলবার রাত আটটার দিকে শিক্ষক মিলনায়তন ও বোটানিক্যাল গার্ডেনের সামনে কিছু সন্ত্রাসী এক শিক্ষকের চোখের ওপর হেডলাইটের আলো জ্বালিয়ে রাখে। এ সময় সেখানে উপস্থিত উপাধ্যক্ষকে তারা ধাক্কা দেয় এবং অন্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ছাড়া সন্ত্রাসীরা শিক্ষকদের দুপুর দুইটার পর ক্যাম্পাসে না থাকতে বলে দেয়। অন্যথায় তাদের মেরে ফেলার হুমকি দেয়। কলেজ অধ্যক্ষ অভিযোগ করেন, ৮ আগস্ট কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা হয়। এ সময় কয়েকজন সন্ত্রাসী শিক্ষক ও অতিথিদের খাবার লুট করে নিয়ে যায়। অধ্যক্ষ জানান, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান কলেজ ছাত্রলীগের নেতাদের নিয়ে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলছিল।