শিক্ষক-শিক্ষার্থী আট দফা দাবিতে আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন চট্টগ্রামের দুটি পলিটেকনিক ইনস্টিটিটিউটের শিক্ষকেরা। গত ৫ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।এ সময়ে শ্রেণীকার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ করেন মহিলা পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ শনিবারের মধ্যে নিয়মিতভাবে শ্রেণীকার্যক্রম চালু না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেছেন। অপর দিকে, শিক্ষকেরা দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি থেকে অবিরাম কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজপথে থাকতে চাই না। আমরা দাবি পূরণে সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশের বাস্তবায়ন চাই। আশা করছি ২৬ জানুয়ারির মধ্যে সরকার আমাদের দাবি পূরণ করবে।’ আট দফা দাবির মধ্যে রয়েছে, পলিটেকনিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য কনিষ্ঠ প্রভাষক-প্রভাষক-অধ্যাপক পদ বিন্যাস বাস্তবায়ন, পলিটেকনিক ইনস্টিটিউটের জনবল সংকট দূর করা, শিক্ষকদের শূন্যপদ পূরণ, পলিটেকনিকে দ্বিতীয় শিফটের ক্ষেত্রে শিক্ষক বাড়ানো ও সম্মানী মূল বেতনের শতভাগ করা, প্রকল্পভুক্ত শিক্ষক-কর্মচারীদের পদ রাজস্ব খাতে ন্যস্ত করা, শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং শিক্ষকদের প্রশিক্ষণে মাস্টার্স কোর্স চালু করা।গত ৫ থেকে ১০ জানুয়ারি থেকে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ পলিটেকনিক এবং হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা পূর্ণ কর্মবিরতি পালন করেন। অন্যদিকে, পলিটেকনিক শিক্ষার্থীদের পক্ষে গত ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাঁরা হালিশহর ক্যাম্পাসের সামনে কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) চট্টগ্রাম মহিলা পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক শারমিন মুনমুন প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেছি। আজ শনিবার থেকে নিয়মিতভাবে ক্লাস চালু না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব। কারণ এমনিতেই আমাদের শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে আমাদের পাঠক্রমও পুরোপুরি শেষ হয়নি। আগামী মাসের শেষ দিকে আমাদের পরীক্ষা। এ অবস্থায় নিয়মিত ক্লাস না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’ জানা যায়, গত বছরের ২৭ মে মাসে শিক্ষকদের দাবিদাওয়া পর্যালোচনার জন্য সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ইকবাল খান চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি একই বছরের ৫ জুলাই শিক্ষাসচিবের কাছে তাঁদের সুপারিশ জমা দেন।