শিক্ষক-শিক্ষার্থী আসে ইচ্ছামতো, ঘর ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেয়ালখুশিমতো স্কুলে এসে হাজিরা খাতায় সই করে চলে যান প্রধান শিক্ষক। অন্য শিক্ষকেরাও ক্লাস নেন মর্জিমতো। শিক্ষার্থীরা যখন খুশি আসে, আবার চলেও যায়। ভাঙাচোরা টিনশেড ঘরে চলে পাঠদান। নেই অফিসকক্ষ ও শৌচাগার।

এই অবস্থা জামালপুর সদর উপজেলার শাহবাজপুর কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোবাখখারুল ইসলাম গত মঙ্গলবার বলেন, ‘স্কুলটির এমন অবস্থার জন্য গত সপ্তাহে ওই প্রধান শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তাঁর জবাব দেওয়ার কথা। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরের দক্ষিণ পাশের চালা ভেঙে গেছে। বাঁশের বেড়া দিয়ে চারটি কক্ষ তৈরি করা হয়েছে। কক্ষগুলোতে তিন-চারটি করে বেঞ্চ। পঞ্চম শ্রেণিতে ৭ জন, চতুর্থ শ্রেণিতে কেউ নেই, তৃতীয় শ্রেণিতে ৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ১৫ জন, প্রথম শ্রেণিতে ১২ জনসহ মোট ৩৭ জন শিক্ষার্থী এসেছে। প্রধান শিক্ষক নেই। পরে শাহবাজপুর বাজারে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়।

প্রধান শিক্ষক মাহমুদা জাহান বলেন, ‘স্কুলে আমি প্রতিদিনই যাই। সহকারী শিক্ষকেরা শিক্ষার্থীদের আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে শিখিয়েছেন। স্কুলের বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয়। এটাই তাঁরা বলেছেন। স্কুলটির অবকাঠামো মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।’

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে এটি সরকারি হয়। এখন বিদ্যালয়টিতে কাগজে-কলমে ১২৭ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষকও রয়েছেন। তবে বর্তমানে শিক্ষার্থী উপস্থিতি প্রতিদিন ৩০ থেকে ৪০ জন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাফিজুর রহমান বলে, ‘শিক্ষার্থীরা যার যার খুশিমতো বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আসে। সকালে এসে কী করব? শিক্ষকেরা আসেন দেরিতে।’

নাম প্রকাশ না করার শর্তে একই শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, ‘বেলা ১১টার দিকে স্কুলে এসে দুজন শিক্ষককে পেয়েছি। সেই সময় থেকে দুপুর দুইটা পর্যন্ত মাত্র একটি ক্লাস হয়েছে। প্রত্যেক দিন এভাবেই চলে। প্রধান শিক্ষক কখন স্কুলে আসেন আর কখন যান, জানি না।’

শিক্ষার্থীর অভিভাবক মুক্তা মিয়া বলেন, ‘শিক্ষকেরা শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করান না। শিক্ষকেরা যেমন স্কুলে আসেন খেয়ালখুশিমতো, শিক্ষার্থীরাও একইভাবে চলছে।’

সহকারী শিক্ষক আউলাত হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক সকালে এসে হাজিরা খাতায় সই করে চলে যান। তাঁর স্কুলে না আসাসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় সম্প্রতি আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেন। বিষয়টি নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ হলে তিনি মামলা তুলে নেন।’

আরেকজন শিক্ষক শারমিন সুলতানা বলেন, স্কুলের এমন অবস্থার কারণে যে কজন শিক্ষার্থী রয়েছে, তাদের ধরে রাখা যাচ্ছে না। বিষয়গুলো উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু প্রতিকার পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এভাবে একটি স্কুল চলার কথা নয়। আমি সম্প্রতি এ জেলায় যোগদান করেছি। অনেক বিষয় আমার নজরে নাই। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টিতে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’