রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত শনিবার থেকে তাঁরা এ আন্দোলন করছেন। শিক্ষার্থীরা গতকাল রোববারও ক্লাস বর্জন করেন এবং সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে রাখেন। একই দাবিতে শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে পানি ও বিদ্যুৎসংকটের সমাধান ও কর্মচারী নিয়োগে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে গত শনিবার থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। প্রতিটি শ্রেণীকক্ষে তালা মেরে দেওয়ায় কোনো ক্লাস হয়নি। দুপুর ১২টায় হায়াত মেহমুদ ভবনের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।প্রক্টর ফেরদৌস রহমান জানান, আন্দোলনের নামে একটি চক্র ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণসংযোগ কর্মকর্তা মোহামঞ্চদ আলী জানান, কিছুসংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।