শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাঁচ দিনের টানা আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সব ধরনের কার্যক্রম অচল হয়ে পড়েছে।বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত শনিবার থেকে তাঁরা এ আন্দোলন করছেন।গতকাল বুধবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সব কটি ভবনের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে রাখেন। একই দাবিতে শিক্ষকেরা প্রশাসনিক ভবন ও ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের সামনে ধর্মঘট কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রেণীকক্ষে তালা দিয়ে রাখায় কোনো ক্লাস হয়নি। ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের সামনে দুর্নীতিবিরোধী গণমঞ্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষক গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান বলেন, ‘উপাচার্যের পদত্যাগই এখন আমাদের মূল দাবি।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।একাধিকবার মুঠোফোন ও সরাসরি যোগাযোগের চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, কিছু শিক্ষক বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।