শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারসহ কয়েক দফা দাবিতে মৌন মিছিল করা হয়েছে। এসব দাবি আদায়ের জন্য পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিন গতকাল শনিবার ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মৌন মিছিল করেন।
গতকাল বেলা ১১টার দিকে উদ্ভিদবিদ্যা বিভাগের সামনে থেকে মিছিলটি শুরু করা হয়। পরে এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
জানা গেছে, গত বুধবার উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষাসফরে যান। পার্কে ঢোকার জন্য বন সংরক্ষণ কর্মকর্তা এবং পার্ক কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখানোর পরও পার্কের ইজারাদার কবির হোসেনের লোকজন তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তারা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ২০ জন আহত হন।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে: পার্কের বর্তমান ইজারা বাতিল করা, নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা, আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষতিপূরণ দেওয়া। পূর্বঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন আজ রোববার মানববন্ধন, কাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি, মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন এবং বুধবার শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অনশন করা হবে।
উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. তসলিম হোসেন বলেন, ‘পার্কটি আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই পরবর্তী সময়ে সেখানে গেলে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’