শিক্ষক-শিক্ষার্থীদের কাজ হল উদ্ধার নয়: মীজানুর রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেছেন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘ দিন ধরে দখল করে রেখেছেন। তাই সরকারকেই বেদখল হওয়া ১০টি হল উদ্ধার করতে হবে। এগুলো উদ্ধারের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নয়।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে একাডেমিক ভবনের (নতুন ভবন) ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজ উদ্বোধনের সময় এসব কথা বলেন উপাচার্য। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, পরিষদের সদস্যসচিব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাই দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি আদায়ে সহযোগিতা করে যাবে।
৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাসচিব মোহাম্মাদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের নির্মাণকাজের জন্য ঠিকাদার নির্বাচনের বিষয়টি অনুমোদিত হয়।
প্রসঙ্গত, বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও হল উদ্ধার আন্দোলন সংগ্রাম পরিষদ।