শিক্ষক-শিক্ষার্থীদের বাধার মুখে ক্যাম্পাসে গাছ কাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বাধার মুখে ক্যাম্পাসে গাছ কাটা বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার তাঁদের বাধার কারণে তিনটি ঝাউগাছ নিধনের হাত থেকে বেঁচে গেলেও অন্য তিনটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি চলছে। বন্ধের সুযোগে নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা হয়েছে। ক্লাস বন্ধ থাকায় পরিবেশসচেতন অনেক শিক্ষক ও শিক্ষার্থী বিষয়টি জানতে পারেননি। গত বুধবার প্রথম আলোয় গাছ কাটা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অমর একুশের সামনের সড়কদ্বীপে একটি ঝাউগাছ কাটার সময় বাধা দেন। তাঁদের বাধার মুখে কাটার সিদ্ধান্ত হওয়া ছয়টি গাছের মধ্যে তিনটি রক্ষা পায়। তাঁরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়টি জানতে দিতে চায়নি বলে তারা বন্ধের মধ্যে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা বলেছেন, এভাবে গাছ কাটা হলে ক্যাম্পাসের পরিবেশ হুমকির মুখে পড়বে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা ওই গাছ কেটে সেখানে ফুল ও পরিবেশবান্ধব গাছ লাগাতে চেয়েছিল। ডেপুটি রেজিস্ট্রার (এস্ট্রেট) মো. আজিজুর রহমান বলেন, শিক্ষকদের অনুরোধে সড়কদ্বীপের গাছ কাটা বন্ধ রাখা হয়েছে।