হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের কাছে সাদা পতাকা হাতে মানববন্ধন করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক। একই দাবিতে এই কার্যালয়ের কাছে সম্মিলিত চালক সমিতির ব্যানারে শতাধিক ব্যক্তি কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক সাদা পতাকা হাতে একটি মানববন্ধন করেন। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় তাঁদের একটি প্রতিনিধিদল কার্যালয়ে গিয়ে একটি বিজ্ঞপ্তি জমা দেয়।
সমিতির সভাপতি এম এ সাত্তারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এসএসসি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাক্রমে প্রায় চার লাখ শিক্ষার্থীসহ এসএসসি-দাখিল পরীক্ষায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। সব শিক্ষার্থী নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত অবস্থায় পরীক্ষায় অংশ নেবে, এটাই সবার প্রত্যাশা। সমিতির পক্ষ থেকে শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ও পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়।
চালক সমিতির লাগাতার অবস্থান
হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে চেয়ারপারসনের কার্যালয়ের দক্ষিণ পাশে ১০০ গজ দূরে ৮৬ নম্বর সড়কের মাথায় সম্মিলিত চালক সমিতির ব্যানারে অবস্থান নিয়েছেন শতাধিক ব্যক্তি। বেলা একটা থেকে কাফনের কাপড় পরে তাঁরা অবস্থান শুরু করেন। হরতাল-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছেন।
সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, দিনের পর দিন হরতাল-অবরোধে নাশকতায় তাঁদের পরিবার-পরিজনকে হত্যা করা হচ্ছে। গাড়িতে পেট্রলবোমা মারা হচ্ছে। তাঁরা হরতাল-অবরোধের অবসান চান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা নিজেদের সাধারণ চালক, চালকের সহযোগী বা গাড়ির মালিক বলে দাবি করেন।