শিক্ষক-শিক্ষার্থীরা একাত্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ১০টার আগেই বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীরা। ১০টা বাজতেই উত্তোলিত হয় জাতীয় পতাকা। সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার কণ্ঠে ভেসে ওঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। গতকাল রোববার দেশের প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল এই চিত্র।রাজধানীতে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদ ও মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে গত শুক্রবার শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত আহ্বানে সাড়া দিয়ে ওই কর্মসূচি পালিত হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুড়িগ্রাম: বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। এ ছাড়া জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে। নাটোর: শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।নীলফামারী: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজসহ জেলা ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।পঞ্চগড়: জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। এ ছাড়া পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে প্রজন্ম ’৭১-এর কর্মসূচি অব্যাহত রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ: শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা পরিষদের মুক্তমঞ্চে ১০ দিন ধরে সমাবেশ চলছে। এ ছাড়া গতকাল জেলার প্রায় সব স্কুল-কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহামঞ্চদ শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। জাতীয় পতাকা উত্তোলনকালে সবাই একসঙ্গে গেয়ে ওঠেন জাতীয় সংগীত। কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক কোনো শিক্ষক ছিলেন না।পটুয়াখালী: সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ এক হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।বাগেরহাট: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির সময় জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওই কর্মসূচি পালিত হয়।কুমিল্লা: জেলার ১৬ উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল একযোগে জাতীয় সংগীত গেয়ে ওঠে। শহরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জালাল বলে, ‘স্কুলে সব সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়। কিন্তু আজকের (গতকাল) পরিবেশনার মধ্যে অন্য রকম চেতনা ছিল। ওই চেতনায় শরিক হতে পেরে আমরা ধন্য।’গোপালগঞ্জ: সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার নিজ নিজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা জাতীয় সংগীত গেয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সমঞ্চান জানান। দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন স্কুল-কলেজের ১০ সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সামনে জড়ো হয়। সেখানে রাজীব হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোলা: জেলার সব স্কুল-কলেজের ছাত্রছাত্রী জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেছে। এ সময় ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে-ঘরে’ স্লোগানে মুখর হয়ে ওঠে। খুলনা: জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। তবে চলমান এসএসসি পরীক্ষার কারণে বেশ কিছু প্রতিষ্ঠানে ওই কর্মসূচি পালিত হয়নি। নাটোর: শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।সিলেট: নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীরা পায়ে হেঁটে বিদ্যালয়ে গিয়ে কর্মসূচি পালন করে। শহরের বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশ করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয় ছাত্র-জনতা। পরে সিলেটের ‘মিউজিশিয়ান গ্রুপ’ সম্মিলিতভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়।শাহজালাল বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত সত্যেন বোস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া হয়। সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সেক্টর কমান্ডারস চত্বরে গণসংগীত, প্রতিবাদী কবিতা আবৃত্তি ও সমাবেশ হয়। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নওশাদ সজীব তাঁর নিজের তৈরি রোবট দিয়ে ‘কাদের মোল্লা, তুই রাজাকার...’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগান শোনান।রসায়ন বিভাগের অধ্যাপক মোহামঞ্চদ ইউনুছের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ। বেলা আড়াইটার দিকে সিলেট শহরের রিকাবীবাজার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চে যোগ দেয়।মৌলভীবাজার: দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের আহ্বায়ক নাসির জামান, সদস্যসচিব আবদুর রব প্রমুখ। এ ছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ, মহিলা কলেজ, কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়েছে।ময়মনসিংহ: শহরের সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। শেরপুর: জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। বিকেলে জাগ্রত তরুণ প্রজন্ম, শেরপুরের উদ্যোগে শহরের রঘুনাথ বাজারের বঙ্গবন্ধু স্কয়ারে প্রতিবাদ সমাবেশ হয়।নেত্রকোনা: নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা উচ্চবিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ শিশু বিদ্যালয়, দত্ত উচ্চবিদ্যালয়সহ জেলা ও উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এতে খুদে শিশুসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছে।দেবীদ্বার (কুমিল্লা): উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে একাত্তরের মুক্তমঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।বিশ্বনাথ (সিলেট): উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনের সামনে শাহবাগের প্রজন্ম চত্বরের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনকালে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।নারায়ণগঞ্জ: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল এসএসসি পরীক্ষা ছিল, সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালিত হয়নি। এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধী ও ব্লগার রাজীব হায়দারের খুনিদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ ব্লগার ও ফেসবুক ইউজার ফোরাম। শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।