কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা ইউনিয়নের দামিহা গ্রামে তুষ-হারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর বিষয়টি প্রথম আলোতে প্রকাশের পর গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) একদল শিক্ষক-শিক্ষার্থী দামিহা গ্রামে এসে বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেন।এ সময় তাঁরা প্রত্যন্ত গ্রামে এ ধরনের আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ৭০ জন শিক্ষার্থীর সঙ্গে ওই বিভাগের দুজন শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতা করেন তাড়াইল প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আটটি হ্যাচারি পরিদর্শন করে সম্যক ধারণা লাভ করেন। দুপুরে দামিহা ঈদগাহ মাঠে হ্যাচারি-সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য দেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের প্রধান সুবাস চন্দ্র দাস, অধ্যাপক মো. আশরাফ আলী, তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম. ভেটেরিনারি সার্জন গৌরাঙ্গ সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান, হ্যাচারির মালিক মো. আবুল হোসেন, দামিহা ইউপি চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান নবাব, প্রথম আলোর তাড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার, দামিহা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আবুল হাশেম ভূঁইয়া।ওই বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিভাগের প্রধান সুবাস চন্দ্র দাস বলেন, ‘আমরা শিক্ষকতা করে এসব ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিই। এখানকার মো. আবুল হোসেন তুষ-হারিকেন পদ্ধতির মাধ্যমে হাঁসের বাচ্চা ফোটানোর বিষয়টি চারদিকে ছড়িয়ে দিচ্ছেন। তিনি আমাদের সবার শিক্ষক। তাঁকে স্যালুট জানাই।’ গত ১০ মার্চ ‘তুষ-হারিকেন পদ্ধতির জয়’ শিরোনামে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া পায়।