শিক্ষক-শিক্ষার্থীসহ ১২ জন হঠাৎ অসুস্থ, বিদ্যালয় ছুটি
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার তাহেরা জুনাব আলী বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকাসহ ১২ শিক্ষার্থী আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন ছাত্রী অসুস্থতা বোধ করায় বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার সব ক্লাস স্থগিত করে।শিক্ষক ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল নয়টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা অ্যাসেম্বলিতে অংশ নেয়। নিয়মানুযায়ী ১৫ মিনিট অ্যাসেম্বলি হওয়ার কথা থাকলেও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল ওহাব মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশে প্রায় ২০ মিনিট বক্তব্য দেন। পরে শ্রেণীকক্ষে গেলে সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার, ষষ্ঠ শ্রেণীর নয় শিক্ষার্থী এবং সপ্তম ও নবম শ্রেণীর একজন করে শিক্ষার্থী হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবরটি ছড়িয়ে পড়লে আরও ১০-১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিদ্যালয় ছুটি ঘোষণা করে।ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, ‘একধরনের মানসিক চাপ থেকে ওই শিক্ষিকা ও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ইংরেজিতে এ ধরনের চাপকে মাস কনভারসিভ রিক্রিয়েশন বলা হয়। এ চাপ সংক্রামক। তবে ভর্তিকৃত শিক্ষার্থীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, ‘গরমে রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখায় ওই ঘটনা ঘটে।’প্রধান শিক্ষক আনোয়ারা বেগম বলেন, ‘অ্যাসেম্বলি থেকে ক্লাসে যাওয়ার পর শিক্ষার্থীদের মাথা ব্যথা ও বমির ভাব দেখা দেয়। কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। হিট স্ট্রোকে এটা হতে পারে। আতঙ্কে আমরা বিদ্যালয় ছুটি দিয়ে দিই। সব মিলিয়ে ১২ জন অসুস্থ হয়েছে।’