শিক্ষক, শ্রমিকসহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল রোববার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। গত দুদিনে মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক এবং লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবক নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: গতকাল বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় শাওন পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও ১০ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এঁরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হায়দার আলী (৪০), সদর উপজেলার হায়দার আলী (৪৫) এবং ছয় মাস বয়সী শিশু সুমাইয়া। আহত ব্যক্তিদের মধ্যে সুমাইয়ার মাসহ নয়জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় গত শনিবার রাতে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী সফিকুল ইসলাম নিহত হয়েছেন। তিনি উপজেলার নাছনি এলাকায় অবস্থিত ইউছুফ-তৈয়বুন আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার হিঙ্গাজিয়া গাজীপুর (টাটুরাবাড়ী) গ্রামে।
ময়মনসিংহ: গতকাল সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক (২৫) নিহত হয়েছেন। এ সময় তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। নিহত নারীর নাম শরীফা আক্তার। তিনি ভালুকার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ‘এসকিউ গ্রুপ’ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি হালুয়াঘাট উপজেলায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জামিরদিয়া এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ সহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর যাওয়ার পথে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওয়ারলেসমোড়ে ট্রাকের চাপায় কামরুল হোসেন (৩০) নামের এক যুবক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল ভোরে তিনি মারা যান।