শিক্ষক, শ্রেণিকক্ষ-সংকটে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শ্রেণিকক্ষ-সংকটের কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের নিকলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীর অনুপাতে এ বিদ্যালয়ের শিক্ষক প্রয়োজন কমপক্ষে ৩০ জন, কিন্তু আছেন ১৬ জন। শ্রেণিকক্ষের দরকার ২১টি, আর আছে ১১টি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রতিটি শ্রেণিতে শিশুরা গাদাগাদি করে বসে আছে। প্রতি শ্রেণিতে শিক্ষকেরা শিক্ষার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছেন। শিক্ষক ও শ্রেণিকক্ষ-সংকটের কারণে এ বিদ্যালয়ে দুটি পালায় ক্লাস হয়। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই পালায় শিশু থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হয়। শিশু শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণিতেই দুটি করে শাখা রয়েছে। বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত দুটি পালায় ক্লাস নিচ্ছেন।
বিদ্যালয়ের দুই পালার প্রায় ২৫ জন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী বলে, এখন ঠান্ডা, তাই বসতে কষ্ট হচ্ছে না। কিন্তু গরমের দিন গাদাগাদি করে বসতে কষ্ট হয়। শিশু শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘এরা ছোট মানুষ। পড়াতে হলে তো একটু নজর দিতেই হবে। কিন্তু মাস্টার কম, তাই ঠিকমতো নজর দেয় না।’
বিদ্যালয় দপ্তর থেকে জানা যায়, বিদ্যালয়ে ১ হাজার ২১৬ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ৬১, প্রথম শ্রেণিতে ১৮৫, দ্বিতীয় শ্রেণিতে ২৫০, তৃতীয় শ্রেণিতে ৩০০, চতুর্থ শ্রেণিতে ২৮০ ও পঞ্চম শ্রেণিতে ১৪০ জন শিক্ষার্থী রয়েছে।
প্রধান শিক্ষক দিল আফরোজা বলেন, প্রতিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক থাকার কথা। সে হিসাবে এখানে ৩০ জনের মতো শিক্ষক প্রয়োজন। কিন্তু আছেন ১৬ জন।
বিদ্যালয় সূত্রে আরও জানা যায়, ১৯২৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তিনটি ভবনে ১১টি শ্রেণিকক্ষে পাঠদান করা হয়। শিক্ষকেরা বলেন, সুষ্ঠুভাবে পাঠদানের জন্য আরও ১০টি শ্রেণিকক্ষের দরকার। বিদ্যালয়ের আরও একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ওই ভবনের কাজ শেষ হতে বছর খানেক সময় লাগবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভূঞা বলেন, নতুন ভবন নির্মাণ হলে কিছু দিনের মধ্যে কক্ষ-সংকটের বিষয়টি সমাধান হয়ে যাবে। আর শিক্ষকের সংখ্যা বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।