শিক্ষক-শ্রেণীকক্ষ সংকটে রাজবাড়ী সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজবাড়ী সরকারি কলেজে চলছে শিক্ষক ও শ্রেণীকক্ষের তীব্র সংকট। কয়েকটি বিষয়ে কয়েক বছর ধরে সম্মান কোর্স চালু থাকলেও শিক্ষকের পদই সৃষ্টি করা হয়নি। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।১৯৬১ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত রাজবাড়ী কলেজ ১৯৮০ সালে সরকারি কলেজে উন্নীত হয়। বর্তমানে কলেজে ১২টি বিষয়ে সম্মান ও চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ফলাফলের দিক থেকেও রয়েছে ভালো অবস্থানে। প্রাণিবিদ্যার সম্মান চূড়ান্ত পরীক্ষায় ২০০১ সালে প্রথম শ্রেণীতে প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন এই কলেজের শিক্ষার্থীরা।এনাম কমিটির সুপারিশ অনুযায়ী, কোনো কলেজে স্নাতকোত্তর কোর্স চালু থাকলে ১২ জন ও সম্মান কোর্স থাকলে আটজন শিক্ষক নিয়োগের বিধান রয়েছে। এই হিসাব অনুযায়ী বর্তমানে কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ মোট ১২০ জন শিক্ষকের প্রয়োজন। কিন্তু অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ বর্তমানে কর্মরত শিক্ষকের সংখ্যা মাত্র ৪৯ জন। শিক্ষকের এই সংখ্যা ডিগ্রি কোর্সের শিক্ষক কাঠামোর চেয়েও ১৭ জন কম। এক যুগের বেশি সময় অতিবাহিত হলেও শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি।সব মিলিয়ে কলেজে ৭৩টি শ্রেণীকক্ষের প্রয়োজন হলেও তিনটি একাডেমিক ভবনে শ্রেণীকক্ষ রয়েছে ২১টি। এর মধ্যে মূল একাডেমিক ভবনে ১৪টি, বাণিজ্য ভবনে পাঁচটি ও বিজ্ঞান ভবনে দুটি শ্রেণীকক্ষ। গণিত চতুর্থ বর্ষের ছাত্র মিজানুর রহমান জানান, গণিত বিভাগের কোনো শ্রেণীকক্ষ নেই। কখনো বারান্দা বা সিঁড়ির মাঝখানে বেঞ্চ পেতে, কখনো অন্য বিভাগের সেমিনারে ক্লাস করতে হয়। নেই কম্পিউটার ল্যাবরেটরি। ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র ইমদাদুল হক জানান, ইংরেজি বিভাগে মাত্র একটি শ্রেণীকক্ষ। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর চালু থাকলেও শ্রেণীকক্ষ রয়েছে মাত্র একটি। সেমিনার ও ল্যাবরেটরি কক্ষে তাঁদের ক্লাস করতে হয়।কলেজে অধ্যয়নরত ছয় হাজার ছাত্রছাত্রীর জন্য রয়েছে মাত্র তিনটি ছাত্রাবাস। এর মধ্যে মীর মশাররফ হোসেন ছাত্রাবাসে আসনসংখ্যা ৭২টি, বিদ্যাসাগর ছাত্রাবাসে ৪০টি এবং ছাত্রীদের জন্য খালেদা জিয়া ছাত্রীনিবাসে আসনসংখ্যা ১০০টি। বিদ্যাসাগর হলে বসবাসরত ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রেন্টু লাল প্রামাণিক জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে টিন ফুটো হয়ে গেছে। এ কারণে বৃষ্টি হলেই পানি পড়ে বইপত্র, বিছানা, জামাকাপড়, ঘর ভেসে যায়।কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) আরিফুজ্জামান বলেন, কলেজে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য তাঁরা দীর্ঘদিন আন্দোলন করছেন। জেলা ছাত্রলীগের সভাপতি মো. মোসাদ্দির হোসেন বলেন, সমস্যা সমাধানে বর্তমানে কোনো আন্দোলন না থাকলেও শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে।কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন জানান, শিক্ষকের নতুন পদ সৃষ্টির বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। অল্প দিনের মধ্যেই শিক্ষক-সংকটের সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যে একটি মিলনায়তনসহ পাঁচতলা একাডেমিক ভবন ও ১০০ শয্যার একটি ছাত্রাবাস নির্মাণ প্রকল্প পাস হয়েছে। বিদ্যাসাগর ছাত্রাবাসের ব্যাপারে তিনি অভিযোগ পেয়েছেন। নতুন বাজেট হলেই এ সমস্যা সমাধান করা হবে।