শিক্ষক-সংকট চরমে, কার্যক্রমে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থীর পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক পদে গত ১৬ মাসে ৬ দফায় বদল আসায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সপ্তম শ্রেণির একটি কক্ষে চার ফুট লম্বা একেকটি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী গাদাগাদি করে বসে আছে। সেখানে এ শ্রেণির দুটি শাখা ‘কদম’ ও ‘কেয়া’র ১৪৫ জন ছাত্রীর একসঙ্গে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের সামলাতে জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক আবদুল বারীর নাকাল অবস্থা। তিনি বলেন, শিক্ষক-স্বল্পতার কারণে দুটি শাখার জন্য পৃথক ক্লাস না নিয়ে সবাইকে এক কক্ষে এনে বসানো হয়েছে। গত এক বছর এভাবেই চলছে পাঠদান।
বিদ্যালয়ের প্রায় প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে বেঞ্চে ছাত্রীদের এভাবে গাদাগাদি করে বসে পড়াশোনা করতে দেখা গেল। বিদ্যালয়ে তখন দিবা পালার কার্যক্রম চলছিল। খোঁজ নিয়ে জানা গেল, প্রভাতি পালাতেও একই অবস্থা।
নিয়মানুযায়ী, প্রতি পালায় সব শ্রেণিতে (তৃতীয় থেকে দশম) ২টি করে শাখা এবং প্রতি শাখায় ৬০ জন করে ছাত্রী থাকার কথা। সে হিসাবে ৮টি শ্রেণির ১৬টি শাখায় ৯৬০ জন ছাত্রী থাকবে। অথচ এ স্কুলে প্রভাতি পালায় ১ হাজার ১৫ জন এবং দিবা পালায় ১ হাজার ১০২ জন ছাত্রী রয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতেই ৭২০ আসনের বিপরীতে ৮৭৭ জন ছাত্রী রয়েছে।
শিক্ষকেরা বলেন, দুই পালার কার্যক্রম চালাতে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ রয়েছে মোট ৫৫টি। কিন্তু ২ জানুয়ারি থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য। এ ছাড়া কাগজে-কলমে ৩০ জন শিক্ষক থাকলেও সম্প্রতি ২ জন ১ বছর মেয়াদি প্রশিক্ষণে গেছেন। বাকি ২৮ জনের মধ্যে সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার ২ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। অপর সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজে সহায়তা করছেন। এখন ২৬ শিক্ষককে দিয়ে দুই পালায় জোড়াতালি দিয়ে পাঠদান চলছে।
হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রভাতি পালায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি এবং দিবা পালায় ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অতিরিক্ত ছাত্রীর কারণে দুটি করে শাখা চালু রাখতে হয়েছে। বাকি শ্রেণিগুলোতে দুটি শাখার ছাত্রীদের একটি শাখায় নিয়ে পড়ানো হচ্ছে। শিক্ষক-সংকটের কারণে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চালানো দুরূহ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রধান শিক্ষকের পদ
২০১০ সালের ১৯ ডিসেম্বর এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন মাহফুজুল হোসেন। তিনি ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর বদলি হন। এরপর জ্যেষ্ঠ শিক্ষক শফিকুন নাহার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ২০১৬ সালের ২৭ এপ্রিল বেগম আফরোজা হক প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু চার মাসের মাথায় ২৮ আগস্ট তিনি বদলি হয়ে যান। এরপর আরেক জ্যেষ্ঠ শিক্ষক আছিয়া খাতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ১ সেপ্টেম্বর এস এম আসগর আলী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনিও চার মাসের মাথায় ২ জানুয়ারি বদলি হয়ে যান।
বিদ্যালয়ের শিক্ষকেরা বললেন, প্রধান শিক্ষক পদে ১৬ মাসে ৬ দফা বদল আসার বিষয়টি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে ভারপ্রাপ্ত হিসেবে কেউ দায়িত্ব পেলে তাঁকে অন্য শিক্ষকেরা ঠিকমতো সহযোগিতা করতে চান না। এ কারণে বিদ্যালয়টিতে শিক্ষার সার্বিক পরিবেশ ধীরে ধীরে ভেঙে পড়ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার প্রথম আলোকে বলেন, তিনি সবে দায়িত্ব পেয়েছেন। শিক্ষক-সংকটের বিষয়টি শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরকে জানাবেন। আর সব শিক্ষককে সঙ্গে নিয়ে শিক্ষা কার্যক্রমসহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ভালো করার চেষ্টা করবেন।