শিক্ষক-সংকটে ধুঁকছে ছয়টি সরকারি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটের কারণে ধুঁকছে পিরোজপুরের ছয়টি সরকারি উচ্চবিদ্যালয়। বিশেষ করে, এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বাংলা, ইংরেজিসহ গুরুত্বপূর্ণ পদের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরে দুটি, কাউখালীতে দুটি, নাজিরপুরে একটি ও ভান্ডারিয়ায় একটি উচ্চবিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে শিক্ষকের ১৬১টি পদের মধ্যে ৬৯টিই শূন্য। এর মধ্যে ছয়টিই হচ্ছে প্রধান শিক্ষকের পদ।
জানা গেছে, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টি ১৯৮৬ সালে জাতীয়করণ করা হয়। এ বিদ্যালয়ে ৪০০ জন শিক্ষার্থী আছে। এখানে শিক্ষকের ১৩টি পদের মধ্যে সাতটি শূন্য। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে দীর্ঘদিন ধরে হিসাববিজ্ঞান, ইংরেজি, পদার্থ, ভূগোল, বাংলা, সামাজিক বিজ্ঞান বিভাগে শিক্ষক নেই। নবম শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি রায় বলে, শিক্ষক না থাকার কারণে লেখাপড়া করতে সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপ্না রায় বলেন, শিক্ষক-সংকটের কারণে পাঠদান করতে সমস্যা হচ্ছে।
কাউখালী কে জি ইউনিয়ন সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার বলেন, এ বিদ্যালয়ে শিক্ষার্থী ৪৭৫ জন। এখানে প্রধান শিক্ষক এবং ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান ও অঙ্কের একটি করে শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া বিদ্যালয়ে হিন্দুধর্ম ও হিসাববিজ্ঞানের কোনো শিক্ষক নেই।
নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু কুমার ঘরামী বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষকের পদ ১১টি। শিক্ষার্থী ২৫১ জন। আমি বাংলার শিক্ষক হলেও বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি।’ তিনি আরও জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে হিসাববিজ্ঞান ও অঙ্কের শিক্ষক নেই। এ কারণে অনেক শিক্ষার্থী অন্যত্র চলে যাচ্ছে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আরা খানম বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫২৩ জন। শিক্ষকের ৫২টি পদ থাকলেও কর্মরত আছেন ৩০ জন। ভূগোলের শিক্ষক নেই প্রায় দেড় যুগ ধরে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটিও শূন্য।
এ ছাড়া কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই।
পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্পা রানী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪৭৫ জন। শিক্ষকের ৫২টি পদের মধ্যে ১৮টি শূন্য। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানো খুবই কষ্টের।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, জেলার সরকারি উচ্চবিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ অন্যান্য বিষয়ে শিক্ষক না থাকার বিষয়টি তিনি জানেন। এ ব্যাপারে শিক্ষকেরা তাঁর কাছে অনুযোগও করেছেন। তিনি এ সমস্যা সমাধানের চেষ্টা করবেন।