বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এ বছরও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে তৃতীয় অবস্থানে রয়েছে। কিন্তু এ কলেজে শিক্ষক-সংকট প্রকট।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৫ সালে উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমের জন্য প্রতিষ্ঠিত হয় সৈয়দ হাতেম আলী কলেজ। পরে ১৯৮৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। এর পর থেকে প্রাণিবিদ্যা, অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইতিহাস, ইসলামের ইতিহাস ও ইসলামী শিক্ষা—এ সাতটি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু হয়। বর্তমানে উচ্চমাধ্যমিকসহ ২১টি বিষয়ে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর পদচারণে মুখরিত থাকলেও শিক্ষক-সংকটের কারণে অনেক বিভাগে নিয়মিত ক্লাস হচ্ছে না।শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক না থাকায় অনেক সময় ক্লাস হয় না। এ কারণে অনেক শিক্ষার্থী কলেজে আসেন না। ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ক্লাস ঠিকমতো হয় না। তাই মাঝেমধ্যে কলেজে যাই।’ একই অভিযোগ ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. হুসাইনসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের।কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজে শিক্ষকের পদ রয়েছে ৬১টি। এর মধ্যে ২১টি পদ শূন্য রয়েছে। পদার্থবিদ্যা বিভাগে দুজন শিক্ষকের একটি শূন্য। ব্যবস্থাপনা বিভাগে শিক্ষকের সাতটি পদের মধ্যে চারটি শূন্য, হিসাববিজ্ঞানে সাতটি পদের বিপরীতে শিক্ষক আছেন মাত্র দুজন। ভূগোল ও মার্কেটিং বিষয়ে একজন শিক্ষকও নেই। সম্প্রতি ওই দুটি বিষয়ে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও মার্কেটিং বিষয়ের শিক্ষক গতকাল মঙ্গলবার পর্যন্ত যোগদান করেননি।২১টি শূন্য পদের মধ্যে দুটি অধ্যাপক, একটি সহযোগী অধ্যাপক, একটি সহকারী অধ্যাপক, ১৪টি প্রভাষক এবং তিনটি প্রদর্শকের।কলেজের উপাধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বাংলা, ব্যবস্থাপনা, সমাজকল্যাণ, মার্কেটিংসহ কয়েকটি বিষয়ে খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনোমতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।’অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, ‘কলেজের ছাত্রসংখ্যা অনুযায়ী শিক্ষকের নতুন পদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছি। আমরা প্রতি মাসে শিক্ষকের প্রয়োজনের বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করে আসছি। এখন পর্যন্ত শূন্য পদই পূরণের উদ্যোগ নেওয়া হয়নি। আরও ১০-১২ জন শিক্ষক না হলে ক্লাস সামাল দেওয়া সম্ভব হবে না। যদিও মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের জন্য ২৭টি পদ সৃষ্টি করা যেতে পারে। ওই পদে শিক্ষক পেলে সমস্যা থাকবে না।