শিক্ষক সংকটে বিজ্ঞান শাখা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের সংকটে প্রায় এক বছর ধরে বেসরকারি শিক্ষক দিয়ে চলছে রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়টি। উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছয়জন বেসরকারি শিক্ষক নিয়োগ দিয়েও বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষকের অভাবে বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, মাত্র তিনজন সরকারি শিক্ষক দিয়ে ৫৫৫ জন শিক্ষার্থী পাঠদান করা সম্ভব নয়। ছাত্রছাত্রীদের বেতনের টাকা বাড়িয়ে চারজন ও জেলা পরিষদের দুজন বেসরকারি শিক্ষক নিয়োগ দিয়েও বিজ্ঞান বিভাগ চালু রাখা সম্ভব হয়নি।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা বলেন, এ বছরে কোনো স্থলাভিষিক্ত ছাড়া তিনজন শিক্ষক বদলি করে নেওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষক শূন্যতা দেখা দিয়েছে। দরিদ্র অভিভাবকদের ওপর বেতনের বোঝা চাপিয়ে কম বেতনে নিয়োগ দেওয়া খণ্ডকালীন শিক্ষকেরা প্রশিক্ষিত না হওয়ায় মানসম্মত শিক্ষা তো দূরের কথা, বিদ্যালয়টি কোনো রকমে চালু রাখা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান বলেন, মাধ্যমিক শিক্ষা বিভাগ এখন পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত করা হয়েছে। এ জন্য এখন শিক্ষকের নিয়োগ ও বদলির বিষয়টি তারা করে থাকেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন বলেন, জেলার সব সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) চিঠি লেখা হয়েছে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর শিক্ষক নিয়োগ দেওয়া হলে সংকট দূর করা সম্ভব হবে।