শিক্ষক-সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটের কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বাংলা, গণিত, সমাজবিজ্ঞান, ভূগোলসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান গুরুতরভাবে ব্যাহত হচ্ছে।বিদ্যালয় সূত্র্রজানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকদের ২১টি পদ রয়েছে। কিন্তু শিক্ষকেরা সুবিধাজনক স্থানে বদলি হয়ে যাওয়ায় এবং শূন্যপদ পূরণে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-সংকট অব্যাহতভাবে লেগেই আছে। বর্তমানে শিক্ষক-সংকটের এ অবস্থা চরম আকার ধারণ করেছে। এখানে সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ছয় শতাধিক। কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র নয়জন। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকের ১১টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বাংলা বিষয়ে তিনজন এবং সমাজবিজ্ঞানে দুজন শিক্ষক থাকার কথা থাকলেও তাঁদের একজনও নেই। এ ছাড়া গণিত, ভৌতবিজ্ঞান, চারুকারু, ভূগোল ও ইসলাম ধর্ম বিষয়ে একজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, শিক্ষকের অভাবে বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস না হওয়ায় হই-হুল্লোড় ও খেলাধুলা করে সময় কাটিয়ে তারা বাড়ি ফিরে যায়।ক্ষোভ প্রকাশ করে কয়েকজন অভিভাবক বলেন, অনেক দিন ধরেই এখানে শিক্ষক-সংকট চলছে। অথচ এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগই নিচ্ছে না। এভাবে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এখানে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুকন উদ্দিন খান বলেন, এখানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দুটি করে শাখা রয়েছে। শিক্ষক-সংকটের কারণে ওই দুটি শাখার শিক্ষার্থীদের একসঙ্গে করে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ বলেন, শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়টি চালানোই এখন অসম্ভব হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে শিক্ষক দিতে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, শিক্ষক-সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালকের দপ্তরকে অবহিত করা হয়েছে। সেসঙ্গে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।