চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ছয়টি বিষয়ের কোনো শিক্ষক নেই। ফলে ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজে শিক্ষকের ৩১টি পদ রয়েছে। এর মধ্যে শিক্ষক আছেন ১৩ জন। এ অবস্থায় কলেজের ৯৩০ জন ছাত্রীর ক্লাস চালানো মোটেই সম্ভব হচ্ছে না।
এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, প্রাণীবিদ্যা, দর্শন, কম্পিউটার ও গণিত বিভাগে কোনো শিক্ষক নেই। এসব বিভাগে একজন সহকারী অধ্যাপকসহ আটজন প্রভাষকের পদ শূন্য রয়েছে। বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ব্যবস্থাপনা ও অর্থনীতি বিভাগে ১০ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এ ছাড়া প্রধান সহকারী হিসাবরক্ষক, অফিস সহকারী, এমএলএসএস ও দারোয়ানের আটটি পদ শূন্য রয়েছে। একজন দক্ষ বেয়ারার ও একজন এমএলএসএস দিয়ে অফিসের যাবতীয় কার্যক্রম চালানো হচ্ছে বলে কলেজের শিক্ষকেরা জানিয়েছেন।
কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, জরুরি ভিত্তিতে কলেজের শিক্ষকদের শূন্য পদ পূরণ করা না হলে ছাত্রীদের শিক্ষার মান ক্রমেই অবনতি হবে এবং পরে এ কলেজে ছাত্রীরা ভর্তি হবে না। মাঝেমধ্যে অতিথি শিক্ষক নিয়ে এসে পাঠদান করানো হয়। এ জন্য ছাত্রীদের কাছ থেকে বছরে ৩০০ টাকা করে নিয়ে কোনো রকমে এর ব্যয়ভার মেটানো হয়। কিন্তু এতে মানসম্পন্ন পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। ফলে এ কলেজের ছাত্রীদের পরীক্ষার ফলাফলও আশানুরূপ হয় না।