শিক্ষক-সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সরকারি কলেজে ১২ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ৬২ জন। শিক্ষকদের ৯৪টি পদ থাকলেও অধ্যক্ষসহ ৩২টি পদই শূন্য। এতে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী কলেজ ১৯৭০ সালের ১ মে সরকারিকরণ হয়। আশির দশক থেকে পর্যায়ক্রমে এই কলেজে ১৬টি বিষয়ে স্নাতক কোর্স এবং ১৪টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়।
বর্তমানে এখানে বিজ্ঞান অনুষদে ছয়টি, কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদে আটটি ও বাণিজ্য অনুষদে আটটি বিষয়ে স্নাতক কোর্স এবং ইংরেজি ও পদার্থবিজ্ঞান ছাড়া ১৪টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে।
প্রতিটি অনুষদে ১২ জন করে শিক্ষকের পদ থাকার কথা। কিন্তু দীর্ঘদিনেও ওই পদ সৃষ্টি হয়নি। বর্তমানে কলেজে প্রায় ১২ হাজার শিক্ষার্থী আছেন। কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রদর্শকসহ ৯৪টি পদ আছে। অথচ শিক্ষক আছেন মাত্র ৬২ জন। দীর্ঘদিন ধরে ৩২টি পদ শূন্য আছে। এর মধ্যে কলেজের অধ্যক্ষ ২৫ ফেব্রুয়ারি অবসরে গেছেন। উপাধ্যক্ষ জয়দেব সজ্জন এখন অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষক না থাকায় তাঁদের ক্লাস ঠিকমতো হয় না। এতে খুব সমস্যায় পড়ছেন তাঁরা।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন থেকেই ক্লাস ঠিকমতো না হলে ভবিষ্যতে তাঁদের আরও সমস্যায় পড়তে হবে।
কলেজ সূত্রে আরও জানা যায়, কলেজের বাংলা বিভাগের সাতটি পদের মধ্যে দুটি শূন্য। ইংরেজি বিভাগে চারটি পদের মধ্যে প্রভাষকের দুটি পদ শূন্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাতটি পদের মধ্যে সহযোগী অধ্যাপকের পদটি শূন্য, অর্থনীতি বিভাগে সাতটি পদের মধ্যে প্রভাষকের দুটি পদ শূন্য, ইতিহাস বিভাগে চারটি পদের মধ্যে দুটি শূন্য, দর্শন বিভাগে চারটি পদের মধ্যে দুটি, ব্যবস্থাপনা বিভাগে চারটির মধ্যে একটি পদ শূন্য, হিসাববিজ্ঞান বিভাগে সাতটি পদের মধ্যে তিনটি শূন্য, পদার্থবিজ্ঞান বিভাগে পাঁচটির মধ্যে একটি পদ শূন্য, রসায়ন বিভাগে নয়টি পদের মধ্যে পাঁচটি শূন্য, উদ্ভিদবিজ্ঞান বিভাগে নয়টির মধ্যে চারটি পদই শূন্য, প্রাণিবিজ্ঞান বিভাগে পাঁচটির মধ্যে দুটি পদ শূন্য, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে সাতটি পদের মধ্যে চারটি শূন্য। গণিত বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও আরবি ও ইসলাম শিক্ষা বিভাগে মোট ১৩টি পদে সবাই কর্মরত রয়েছেন।
এদিকে কলেজের সহকারী গ্রন্থাগারিক কর্মরত থাকলেও কম্পিউটার শিক্ষা বিভাগে সহকারী প্রোগ্রামারের পদটি শূন্য রয়েছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান বলেন, শিক্ষক কম থাকায় তাঁদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এত শিক্ষার্থীর সুষ্ঠুভাবে পাঠদানে হিমশিম খেতে হয়।
কলেজের উপাধ্যক্ষ জয়দেব সজ্জন বলেন, শিক্ষক-সংকটের বিষয়টি কয়েকবার শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়েও বিষয়টি জানানো হয়েছে।
অভিভাবক স্বপন ব্যানার্জি জানান, তাঁর ছেলে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে এই কলেজে ভর্তি হয়েছে। কিন্তু এখন কলেজের কম শিক্ষকের কারণে তার শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় আছেন।