জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বিরুদ্ধে শিক্ষক সমাবেশের নামে ৪০০ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে৷ গতকাল শুক্রবার ওই সমাবেশ হয়৷
সমাবেশে প্রধান অতিথি রাখা হয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে৷ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খতুন৷ তঁার আগমন উপলক্ষে রাস্তায় কয়েকটি তোরণ নির্মাণ এবং সমাবেশস্থল বর্ণাঢ্য সাজে সাজানো হয়। জেলার মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে গতকাল সকাল ১০টায় সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন বলেন, জেলা শিক্ষা কার্যালয়ে দুই সপ্তাহ আগে সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে বৈঠক হয়৷ বৈঠকে শিক্ষক সমাবেশের জন্য খরচ জোগাতে প্রতিটি বিদ্যালয় থেকে চাঁদা আদায় করতে বলা হয়। জেলা কার্যালয় থেকে নির্দেশ পেয়ে বেশ কিছু বিদ্যালয় থেকে তিনি এক হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা তুলে রসিদের মাধ্যমে জেলা কার্যালয়ে জমা দিয়েছেন৷
একাধিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, সমাবেশের খরচ জোগাতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এর মধ্যে সদর উপজেলা মাধ্যমিক কার্যালয় থেকে ৯০ হাজার টাকা, বকশীগঞ্জ থেকে ৩৫ হাজার, মেলান্দহ থেকে ৪৭ হাজার, দেওয়ানগঞ্জ থেকে ৪০ হাজার, ইসলামপুর থেকে ৪০ হাজার, সরিষাবাড়ী থেকে ৩৫ হাজার ও মাদারগঞ্জ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়৷
নাম গোপন রাখার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, সমাবেশের নামে জেলার সাতটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থেকে নির্দিষ্ট হারে বাধ্যতামূলক চাঁদা আদায় শুরু হয় দুই সপ্তাহ আগে। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই টাকা তোলার নির্দেশ দিয়েছে৷ উপজেলা শিক্ষা কর্মকর্তারা এমপিওভুক্ত বিদ্যালয় থেকে এক হাজার টাকা ও এনপিওভুক্ত নয় এমন প্রতিষ্ঠানগুলো থেকে ৫০০ টাকা হারে চাঁদা তোলেন৷ অনুষ্ঠানের খরচ জোগাতে চাঁদার টাকা নিজেদের পকেট থেকে দিয়েছেন বলে তাঁরা জানান৷
কয়েকজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, সমাবেশ উপলক্ষে জেলা কার্যালয়ের নির্দেশে প্রতিটি বিদ্যালয় থেকে এক হাজার টাকা করে তুলে অনুষ্ঠানের আগের দিনই তা রসিদের মাধ্যমে জেলা শিক্ষা কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, জেলা কার্যালয়ের নির্দেশ পালন করা তাঁদের দায়িত্ব।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ওই শিক্ষক সমাবেশের প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. মুখলেছুর রহমান আকন্দ বলেন, ‘সরকারি কোনো বরাদ্দ না থাকায় এ অনুষ্ঠানের খরচ জোগাতে আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়েছি।’ চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো বিদ্যালয় থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হয়নি৷
ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপপরিচালক এবং সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ কে এম ফজলুল হকের মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি৷