শিক্ষক সমিতি ও প্রতিনিধি নির্বাচনে হলুদ প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ডিন, সিনেট, সিন্ডিকেট ও প্রতিনিধি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের হলুদ প্যানেল একটি বাদে সব কটি পদে জয়ী হয়েছে। সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক আজিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দকুমার সাহা নির্বাচিত হয়েছেন। বিভিন্ন অনুষদে ডিন নির্বাচিত হয়েছেন মো. শহীদুল্লাহ (কলা), মো. তোফাজ্জল হোসেন তরফদার (বিজ্ঞান), আনিসুর রহমান (আইন), এম শাহ নওয়াজ আলী (বাণিজ্য), মিজানউদ্দিন (সামাজিক বিজ্ঞান), জাহিদুল হাসান (জীব ও ভূ-বিজ্ঞান), সোহরাব আলী (কৃষি) এবং রোস্তম আলী (প্রকৌশল)। এ ছাড়া সিনেট, সিন্ডিকেট, ফাইন্যান্স ও শিক্ষা পরিষদ প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে বিএনপি-জামায়াতের অনুসারী সাদা প্যানেল থেকে একমাত্র বিজয়ী হলেন কে বি এম মাহবুবুর রহমান। গত সোমবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট নেওয়া হয়। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামী লীগ ও বামপন্থী প্রগতিশীল শিক্ষকসমাজ ‘হলুদ’ প্যানেল, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াতের অনুসারী শিক্ষক গ্রুপ ‘সাদা’ প্যানেল এবং সদ্য সাদা দল থেকে বের হয়ে যাওয়া বিএনপির মূল ধারার শিক্ষকেরা ‘সোনালি’ প্যানেলে নির্বাচনে অংশ নেন। রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী জানান, নির্বাচনে ৯৭৩ জন শিক্ষকের মধ্যে ৯৫৮ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।