শিক্ষক সমিতিকে টাকা দিয়ে পাঠ্যতালিকাভুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি পুস্তক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন বই পাঠ্যতালিকাভুক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বই কেনার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শিক্ষক সমিতি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যতালিকায় জুপিটার প্রকাশনীর উল্লাস, বিদ্যাসিঁড়ি ও জেএসসি ব্যাকরণ, এনজোয়িং গ্রামার, একের ভেতর সব নামের গাইডসহ অনেক নোট-গাইড অন্তর্ভুক্ত করেছে। বৈরচুনা গ্রামের অভিভাবক কৃষক রমেশ চন্দ্র বলেন, ‘সরকার তো বই দিচেই, তাহু মাস্টার লা মানেনি, আরহ ৬০০ টাকা দেহেনে বুকলিস্টির গ্রামার আর মানে বই (নোট বই) কিনিবা হইল, ছোয়াক পড়ামো ক্যাং করে।’ একই কথা বলে আক্ষেপ প্রকাশ করেন অভিভাবক আবদুর রহমান ও চৈতন্য রায়।কয়েকজন বই ব্যবসায়ী জানান, পীরগঞ্জের ছাত্রসখা ও পারভীন লাইব্রেরির মালিকের মধ্যস্থতায় জুপিটার প্রকাশনীর বই পাঠ্য করার শর্তে সাড়ে পাঁচ লাখ টাকার চুক্তি হয়েছে উপজেলা শিক্ষক সমিতির সঙ্গে। বিনিময়ে শিক্ষক সমিতি এ বছর তাদের বইগুলো তালিকাভুক্ত করেছে। উপজেলায় ৬১টি মাধ্যমিক ও ২৪টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়ন করছে ১৫ থেকে ১৮ হাজার ছাত্রছাত্রী।নাম প্রকাশ না করার শর্তে একজন বই ব্যবসায়ী জানান, চুক্তি অনুযায়ী ৩১ জানুয়ারি এক লাখ, ১৩ ফেব্রুয়ারি এক লাখ এবং ২৩ ফেব্রুয়ারি ৫০ হাজার টাকা মিলে তিন দফায় আড়াই লাখ টাকা শিক্ষক সমিতির হিসাবে জমা দেওয়া হয়েছে। ছাত্রসখা লাইব্রেরির মালিক চিত্তরঞ্জন রায় বলেন, ‘আমরা সব টাকাই চেকের মাধ্যমে শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদককে পরিশোধ করেছি।’তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কায়সার হোসেন বলেন, ‘তাঁদের হাতে কোনো টাকা দেওয়া হয়নি। আমরা যা করেছি, তা শিক্ষক সমিতির জন্যই করেছি। এ ছাড়া আগে থেকেই এ নিয়মটা চলে আসছে।’জুপিটার পাবলিকেশনের ঠাকুরগাঁও প্রতিনিধি মো. আবদুর মান্নান সমিতিতে টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, পীরগঞ্জ ঠাকুরগাঁও জেলার মধ্যে হলেও বইয়ের ক্ষেত্রে দিনাজপুরে জুপিটার প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করে পীরগঞ্জ শিক্ষক সমিতির লেনদেন ঠিক করেছেন পীরগঞ্জের বই ব্যবসায়ীরা।পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী বলেন, ‘নোট-গাইড ও অননুমোদিত বই বাজারজাতকরণ এবং অভিন্ন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া নিষিদ্ধ করেছে সরকার। আমার কাছে অভিযোগ আছে, পীরগঞ্জে এ নিয়ম মানা হচ্ছে না। প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’