শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ সব কটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১১টি পদেই জয় পেয়েছে তারা। ভরাডুবি হয়েছে বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থীদের।
গতকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট নেওয়া হয়। নির্বাচনে মোট ভোটার ৮৬৬ জন। ভোট দিয়েছেন ৭২৬ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ৪৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ দলের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক শওকতুল মেহের পেয়েছেন ২৪৫ ভোট। ৪৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষক খসরুল আলম কুদ্দুসী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ২১৫ ভোট।
সহসভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে যথাক্রমে পদার্থবিদ্যা বিভাগের শ্যামল রঞ্জন চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হানিফ সিদ্দিকী, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ অহিদুল আলম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের ছয়টি সদস্য পদে পালি বিভাগের অরূপ বড়ুয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোহাম্মদ কামরুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের ফরিদ উদ্দিন আহামেদ, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সজীব কুমার ঘোষ, সংস্কৃত বিভাগের সুপ্তিকণা মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের সাহিদুর রহমান জয়ী হয়েছেন।
সভাপতি পদে নির্বাচিত হওয়া অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর শিক্ষকদের জীবনমানের উন্নতি ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭২৬টি ভোট পড়লেও কয়েকজন শিক্ষক সব কটি পদে ভোটাধিকার প্রয়োগ করেননি।