শিক্ষক সমিতিতে বঙ্গবন্ধু পরিষদের নিরঙ্কুশ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ নীল দলের প্রার্থীরা ১৫টি পদের সব কটিতেই জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭৮ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ওই নির্বাচন হয়।

সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাহেদুর রহমান।

বিজয়ী ব্যক্তিরা হলেন সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু তাহের, সহসভাপতি পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ পদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান, কার্যকরী সদস্য পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস মিয়া ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীমুল ইসলাম।

এন এম রবিউল আউয়াল বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদের নীল দলকে ঠেকাতে বিদ্রোহী নীল দলের আরেকটি প্যানেল আংশিক ১৩টি পদে এবং বিএনপি-সমর্থিত সাদা দল ৪টি পদে নির্বাচনে অংশ নেয়। নীল দলের বিদ্রোহী পক্ষ বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দলকে সহসভাপতির একটি এবং সদস্যের একটি পদ ছাড় দেয়। এ প্যানেল ওই দুটি পদে কোনো প্রার্থী দেয়নি। বিএনপি ও জামায়াতের সঙ্গে আঁতাত করেও বিদ্রোহী পক্ষ নির্বাচনে জিততে পারেনি। বিদায়ী উপাচার্যের দুঃশাসন ও তাঁর অনুসারীদের নানা অপকর্ম, শিক্ষকদের নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক সমাজ এ রায় দিয়েছে। এ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে গত বছর শিক্ষক সমিতির আন্দোলন ছিল যৌক্তিক।’