শিক্ষক সমিতিতে বিএনপিপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১টি পদের সাতটিতেই বিএনপিপন্থী শিক্ষকেরা জয়ী হয়েছেন।

গতকাল মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সদ্যবিদায়ী সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন।

আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির ২১৬ ভোট পেয়ে জয় লাভ করেন। এ ছাড়া কমিটির সদস্য পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান তালুকদার, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান এবং কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রমিজ উদ্দিন নির্বাচিত হন।

অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ২২৩ ভোট পেয়ে পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হাশেম জয়ী হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুম আহমাদ, কোষাধ্যক্ষ পদে স্বাস্থ্য ও জীবাণুবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং সদস্য পদে মাৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল আলীম এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক দীন ইসলাম নির্বাচিত হন।

এবারের নির্বাচনে মোট ৪৩৪ জন শিক্ষক ভোট দেন।