শিক্ষক সমিতির অগোচরে বিবৃতি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী খসরুল আলম কুদ্দুসীর বিরুদ্ধে শিক্ষক সমিতির অন্য সদস্যদের না জানিয়ে বিবৃতি দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিভিন্ন গণমাধ্যমে ‘পদোন্নতিতে অনিয়ম’-সংক্রান্ত একটি বিবৃতি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে এক জরুরি বৈঠক হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি আবুল মনছুর প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমিতির অন্য সদস্যদের না জানিয়ে বুধবার বিবৃতি দিয়েছেন। এ বিষয়ে গতকাল সকালে জরুরি বৈঠক হয়েছে। এ বিবৃতির দায়িত্ব নিয়ে এর সুষ্ঠু জবাব দিতে হবে তাঁকে। সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে শিক্ষক সমিতি এটি তাঁর একান্ত বিবৃতি বলে মনে করবে।
তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী খসরুল আলম কুদ্দুসী বলেন, ‘যে জরুরি মিটিং করা হয়েছে, তা অবৈধ। সমিতির সভাপতি গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন আমাকে না জানিয়ে মিটিং ডেকে। সমিতির অধিকাংশ সদস্যের মতামত নিয়ে বিবৃতি পাঠিয়েছি।’