শিক্ষক সমিতির অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন শিক্ষক সমিতির সদস্যরা। উপাচার্য না এলেও অবরোধের মুখে প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে ফিরে যান সহ-উপাচার্য আফসার আহমদ। শিক্ষকদের অবরোধের কারণে গতকাল বিকেলে পূর্বনির্ধারিত বিশেষ সিন্ডিকেট সভাও অনুষ্ঠিত হয়নি।

সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আজ কিছু হচ্ছে না। তবে সিন্ডিকেট সদস্য সৈয়দ মোহম্মদ কামরুল আহছান বলেন, ‘সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’

অবরোধ চলাকালে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখা হবে। তা ছাড়া উপাচার্যের অধীনে আর কোনো প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হতে দেওয়া হবে না।

এদিকে আজ শুক্রবার সিনেটের ৩২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এ ব্যাপারে দর্শন বিভাগের শিক্ষক মুহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সিনেট সভা যাতে অনুষ্ঠিত হতে না পারে, সেজন্য কাল (আজ শুক্রবার) সকাল থেকে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখব।’

অফিসার সমিতির অবস্থান কর্মসূচি: কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীতকরণ এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে তা বাস্তবায়নের দাবিতে অফিসার সমিতির সদস্যরা গতকাল বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আজ সিন্ডিকেট সভায় আমাদের দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন উপাচার্য। কিন্তু সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়ায় আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আগামীকাল সিনেট সভা ঠেকাতে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করব।’

কোষাধ্যক্ষের যোগদান: রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন আবুল খায়েরকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন। আবুল খায়ের গতকালই কোষাধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।