জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সমিতির সদস্যরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে ভবনের সামনে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান। শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।উপাচার্যের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যায় আলোচনায় বসার জন্য উপাচার্য দুপুরে আমাদের চিঠি দিয়েছিলেন। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে আলোচনায় বসা সম্ভব নয়।’তবে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।’