জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সমিতির সদস্যরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে ভবনের সামনে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান। শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।’কর্মকর্তাদের কর্মবিরতির ঘোষণা: চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছর করা এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে তা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবে।গতকাল অফিসার সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।