কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে সমিতির সদস্যরা দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকদের আন্দোলনের কারণে গতকাল কোনো ধরনের ক্লাস হয়নি। তবে পূর্বঘোষিত কয়েকটি বিভাগে পরীক্ষা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির কার্যকরী কমিটির এক সভা হয়। সভায় শিক্ষক সমিতির গত সোমবারের সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পাঁচ দফা দাবির সঙ্গে আরও দাবি একীভূত করার ব্যাপারে আলোচনা হয়। সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘শিক্ষকদের ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে আমরা নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করছি। একই সঙ্গে পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এর আগে শিক্ষক সমিতি পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা, আপগ্রেডেশন ও খণ্ডকালীন শিক্ষকের সম্মানী ভাতার পাঁচ দফা দাবি জানিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছিল। ওই দাবি পূরণ না হওয়ায় তাঁরা এবার উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে মাঠে নেমেছেন।’