হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির চার সদস্যের বিরুদ্ধে অনাস্থা এনে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের উপস্থিতিতে ওই কমিটি গঠন করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।যে চার শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে তাঁরা হলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান, সহসভাপতি অধ্যাপক বিধান চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনিস খান ও সদস্য অধ্যাপক ফাহিমা খানম।অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহাদাৎ হোসেন খান জানান, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকেরা নোটিশ দিয়ে সাধারণ সভা আহ্বান করেন। নোটিশে মোট ১৫৮ জন শিক্ষকের মধ্যে ১০৩ জন স্বাক্ষর করেন। বাকি ৪০ জন শিক্ষক উচ্চতর শিক্ষা নিতে বিদেশে অবস্থান করছেন।শাহাদাৎ হোসেন খান বলেন, শিক্ষক সমিতির ওই চার সদস্যের বিরুদ্ধে গঠনতন্ত্রের ১৯-এর ‘খ’ ধারা অনুসারে অনাস্থা আনা হয়েছে। তাঁরা সমিতির সাধারণ সভায় পাসকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি বা পর্যায় উন্নয়ন নীতিমালা অনুমোদনে অসহযোগিতা, রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত থেকেও উদ্দেশ্যমূলক নীরবতা পালন ছাড়াও যথাযথ ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। সদস্যদের মতামত উপেক্ষা করেছেন। তাঁদের এ ধরনের সংগঠনবিরোধী ভূমিকার প্রতিবাদে শিক্ষক সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির সাতজন শিক্ষক গত ২১ আগস্ট পদত্যাগ করেন। এর পরও ওই শিক্ষকদের ভূমিকার কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকেরা তাঁদের বিরুদ্ধে অনাস্থা এনে কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করেছেন।