জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির কক্ষ ভাঙচুর ও লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে শিক্ষক সমিতি। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগ-সংক্রান্ত বিষয়ে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির নেতাদের মতপার্থক্য ছিল। এর জের ধরে গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শিক্ষক ও কর্মকর্তা সমিতির ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী উপাচার্য মোহীত উল আলমের কক্ষে যান।
এ সময় তাঁরা সিন্ডিকেট সভায় পাস হওয়া নিয়োগ-সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য উপাচার্যের ওপর চাপ দেন। একপর্যায়ে শিক্ষক ও কর্মকর্তা সমিতির নেতারা উপাচার্যকে পদত্যাগের জন্যও চাপ দেন। কিছুক্ষণের মধ্যে এ ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের কক্ষে ভাঙচুর করেন। এতে মোল্লা আমিনুল ইসলাম আহত হন।
সভাপতির ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষক সমিতি কর্মবিরতি পালন করে। প্রতিশ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় না আনায় ১৯ অক্টোবর থেকে আবারও হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক সমিতি।
কর্মবিরতি চলায় ঈদের ছুটির পর ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে উপাচার্যের জরুরি বৈঠক হয়। বৈঠকে শিক্ষক সমিতির নেতারা তাঁদের দাবি না মানা হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান। ওই সময় উপাচার্য আগামী ২০ নভেম্বরের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বস দেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ২০ নভেম্বরের মধ্যে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপাচার্য। আগামীকাল (আজ বুধবার) শিক্ষক সমিতির সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।