শিক্ষক সমিতির কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির কক্ষ ভাঙচুর ও হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্যের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তা সমিতির মতপার্থক্যের জের ধরে গত ৮ সেপ্টেম্বর ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের কক্ষ ভাঙচুর করেন। এতে মোল্লা আমিনুল ইসলাম আহত হন। মোল্লা আমিনুল ইসলামের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ১৯ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক সমিতি।
গত মঙ্গলবার উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির বৈঠক হয়। বৈঠকে উপাচার্য মোহীত উল আলম আগামী ২০ নভেম্বরের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। গত বুধবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার কালীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস যথারীতি শুরু হবে।