দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচি প্রত্যাহার করেছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের নেতাসহ কয়েকজন গ্রেপ্তার হওয়ার ঘটনার পর তারা গতকাল সোমবার এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
আজ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত, সাধারণ ছাত্রছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন এবং ১১ জানুয়ারি হলে প্রবেশে সহযোগিতা করার সময় শিক্ষকদের লাঞ্ছিত করেন।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি ওই ছাত্রদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ও ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকালও ক্যাম্পাসে মিছিল করেছেন। তাঁরা উপাচার্যের কাছে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় ও সন্ত্রাসমুক্ত রাখার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দিনাজপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা।
সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ছাত্ররাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও শিক্ষকদের লাঞ্ছিত করবে—এটা কখনো সমর্থন করা যায় না।
গতকাল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলামসহ গ্রেপ্তার হওয়া চারজনের জামিনের আবেদন করা হয়। আদালত আগামী বুধবার জামিন আবেদনের শুনািনর দিন ধার্য করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।