জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল সাড়ে ১০টার দিকে সভা করে শিক্ষক সমিতি। সভায় কর্মবিরতি কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনের দিকে লক্ষ রেখে সমিঞ্চলিত মতামতের ওপর ভিত্তি করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র নির্মাণ, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ শিক্ষক সমিতির অন্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি অব্যাহত রয়েছে। যথাসময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ায় ১২ ফেব্রুয়ারি ছাত্র আবদুল মালেকের মৃত্যু হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ভাঙচুরের ঘটনা উপাচার্যের প্রশাসনিক ব্যর্থতা উল্লেখ করে পরদিন বুধবার থেকে উপাচার্যের পদত্যাগের দাবি জানায় শিক্ষক সমিতি।