শিক্ষক সমিতির কর্মসূচিতে শ্রেণীকক্ষ ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। ভেঙে পড়ছে শিক্ষা কার্যক্রম। অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির তৃতীয় দিনেও শিক্ষক সমিতি এক ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করে। শিক্ষকদের আন্দোলনের কারণে গতকাল বৃহস্পতিবার শ্রেণীকক্ষ ছিল ফাঁকা। উপাচার্য আসেননি, প্রশাসনিক ভবনে কাজ চলছে ঢিমেতেতালে।

২ আগস্ট থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছেন। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

শিক্ষক সমিতির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক বলেন, উপাচার্যের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এক্কাট্টা হয়ে আন্দোলন করছেন। একই সঙ্গে শিক্ষকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন হচ্ছে। ওই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে জানা গেছে, আগামী ১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ঈদের আগে ক্লাস নেওয়ার সুযোগ রয়েছে। ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত শবে কদর, ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবসের বন্ধ থাকবে। ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খোলা হবে। এ অবস্থায় দাবি পূরণ না হলে ঈদের বন্ধের আগে শিক্ষকেরা আর মাত্র পাঁচ দিন আন্দোলন করতে পারছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুণ্ডু গোপীদাস বলেন, ‘শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে কাজ হচ্ছে।’