শিক্ষক সমিতির কর্মসূচির কারণে দপ্তরে যাননি উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কর্মসূচির কারণে গতকাল রোববারও নিজ দপ্তরে যাননি উপাচার্য মো. আলী আশরাফ। তিনি বাংলোয় বসে দাপ্তরিক কাজ করেন। একই সঙ্গে চলমান সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন।
চার দফা দাবিতে গত বুধবার থেকে শিক্ষক সমিতি উপাচার্যকে তাঁর দপ্তরে ঢুকতে দিচ্ছে না। গতকালও শিক্ষক সমিতি সকাল থেকে বিকেল পর্যন্ত উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান করে। এর আগে গত শুক্রবার সকাল নয়টা থেকে রাত দেড়টা পর্যন্ত টানা সাড়ে ১৬ ঘণ্টা উপাচার্যকে তাঁর বাংলোয় অবরুদ্ধ করে রাখে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, অবৈধ নিয়োগপ্রক্রিয়া বাতিল, নিয়োগবাণিজ্য সিন্ডিকেট ও আত্মীয়করণের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষক ডরমিটরিতে নিরাপত্তা দেওয়া এবং শিক্ষকের বাসায় ডাকাতির বিচারের দাবি পূরণ না হওয়ায় চার দফা দাবি নিয়ে গত বুধবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর দপ্তরে ঢুকতে দেয়নি শিক্ষক সমিতি। ওই কারণে শিক্ষক সমিতি এমন কর্মসূচি দিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগেও ছয় দফা দাবি বাস্তবায়ন করেননি উপাচার্য।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘সংকট নিরসনের জন্য জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা শিক্ষক সমিতির সঙ্গে কথা বলে আমাকে বিস্তারিত জানাবেন। কর্মসূচি প্রত্যাহার করা হলে দপ্তরে যাব।’
উপাচার্যের অভিযোগ প্রসঙ্গে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক বলেন, ‘উপাচার্য অনিয়ম ও দুর্নীতি করায় আমরা আন্দোলন করছি। অনিয়মতান্ত্রিক নিয়োগ জায়েজ করার জন্য তিনি সিন্ডিকেট করেন। শিক্ষকদের বাসায় হামলা, শিক্ষককে লাঞ্ছিত, ছাত্র হত্যার বিচার না করার কারণে আমাদের আন্দোলন চলছে। দাবি মেনে নিলেই আন্দোলন প্রত্যাহার হবে।’